প্রথম তিন টেস্ট জিতে এরই মধ্যে অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর চতুর্থ টেস্টের জন্য দলে বড় পরিবর্তন আনা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিচের কন্ডিশন দেখে শুক্রবার (২৬ ডিসেম্বর) টসের সময় একাদশ প্রকাশ করবে তারা। অস্ট্রেলিয়ার প্রকাশিত ১২ জনের দলে রয়েছে ৪ পেসার।কামিন্স না থাকায় অস্ট্রেলিয়ার দলকে আবারও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। প্রথম দুই টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্মিথ সংবাদ সম্মেলনে ১২ জনের দল নিয়ে কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, 'আমরা ১২ জন চূড়ান্ত করেছি, আগামীকাল (শুক্রবার) উইকেটে আরেকবার চোখ রেখে একাদশ ঠিক করব। তবে চার পেসার খেলাব আমরা, কোনো স্পিনার নেই। ১০ মিলিমিটার ঘাস আছে (উইকেটে), বেশ সবুজ, বেশ (ঘাসে) আচ্ছাদিত উইকেট। নিশ্চিত করে বলতে পারি, উইকেটে অনেক সহায়তা মিলবে। বিশেষ করে প্রথম দিনে কন্ডিশনও আজকের মতোই থাকবে, বেশ ঠাণ্ডা ও বেশ মেঘাচ্ছন্ন। এটুকু বলতে পারি, বেশ মুভমেন্ট থাকবে।'
একাদশে মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে মাইকেল নিসারের থাকাটা অনেকটাই নিশ্চিত। ব্রিজবেনে গোলাপি বলের টেস্টে এক ইনিংসে ৫টিসহ ম্যাচে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। তার পরও অ্যাডিলেইডে তাকে বাইরে চলে যেতে হয় প্যাট কামিন্স ফেরায়।
