ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে বর্তমানে মরক্কোয় অবস্থান করছেন, এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। চলতি আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন) উপলক্ষে মরক্কোয় গিয়েছেন এমবাপে, মূলত বন্ধু ও মরক্কান তারকা আশরাফ হাকিমির আমন্ত্রণেই।
রাবাতে অনুষ্ঠিত আফকনের ম্যাচে মরক্কো মুখোমুখি হবে মালির। সেই ম্যাচে গ্যালারিতে এমবাপেকে দেখা যেতে পারে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবারের সদস্যদের নিয়েই মরক্কো সফরে গেছেন ফরাসি এই তারকা। প্যারিস সাঁ-জার্মাঁতে একসঙ্গে খেলার সময় থেকেই এমবাপে ও হাকিমির মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।
তবে চোটের কারণে মালির বিপক্ষে ম্যাচে হাকিমির খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ম্যাচ শেষে এমবাপের মরক্কো সফরও সংক্ষিপ্ত হওয়ার কথা। জানা গেছে, আফকন ম্যাচ দেখার পর তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন, যেখানে রবিবার অনুষ্ঠিত হবে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।
