ঢাকা ক্যাপিটালসের ইমাদ ওয়াসিম ও নাসির হোসেনের দারুণ বোলিংয়ে অল্প রানেই থেমে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে নাজমুল হোসেন শান্তর দল কোনোমতে ৮ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১৩২ রান। ফলে ম্যাচ জিততে হলে ঢাকাকে করতে হবে ১৩৩ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে রাজশাহী। ইনিংসের প্রথম বলেই উইকেট হারান ওপেনার সাহিবজাদা ফারহান। স্বদেশী ইমাদ ওয়াসিমের বলে তিনি স্ট্যাম্পিং হয়ে ফেরেন। অপর ওপেনার তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ বলে ২০ রান করে তিনি নাসির হোসেনের বলে আউট হন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী ওয়ারিয়র্স। একপর্যায়ে ৮৫ রানেই ৫ উইকেট হারায় দলটি। নাজমুল হোসেন শান্ত ছাড়া ব্যাট হাতে কেউই বড় ভূমিকা রাখতে পারেননি। শান্ত ২৮ বলে ২টি চার ও ২টি ছক্কায় করেন ৩৭ রান। ইয়াসির আলী করেন ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান। এসএম মেহরুব কোনো রান না করেই আউট হন।
ইনিংসের শেষদিকে মোহাম্মদ নওয়াজ ২৬ বলে অপরাজিত ২৬ রান করে রাজশাহীর সংগ্রহ ১৩২ রানে নিয়ে যান।
ঢাকা ক্যাপিটালসের পক্ষে ইমাদ ওয়াসিম ১৬ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট। নাসির হোসেন ৩২ রান দিয়ে নেন ২টি উইকেট।
