শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ দুই যুবককে মোট ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে শাহজাহানের বহুতল ভবনে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
অপরদিকে, একই রাতে উপজেলার শ্রীপুর পশ্চিমপাড়া চুল্লাভিটা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা (৪৫) ও সজীব (২০) নামের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরহাওলা গ্রামে মাদক বিক্রির প্রস্তুতির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরহাওলা ও চুল্লাভিটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৮০০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
