শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ভেতরে শ্রীপুর পৌরসভার ময়লাবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে এলাকাবাসী কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্ব খণ্ড, আনসার রোড এলাকায় নোমান হোমস টেক্সটাইল লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তা কর্মীর নাম জসিম উদ্দিন (৪৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাইর বাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। পরিবার নিয়ে তিনি শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং নোমান হোমস টেক্সটাইল লিমিটেড কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও কারখানা সূত্র জানায়, সকালে দায়িত্ব পালনকালে পৌরসভার একটি ময়লাবাহী গাড়ি কারখানার ভেতরে প্রবেশ করে। ময়লা লোড শেষে গাড়িটি দ্রুতগতিতে এগিয়ে গেলে নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন গাড়ির পিছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে নিহতের পরিবার ও স্থানীয় লোকজন কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
শ্রীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জহির জানান, কারখানাটি পৌরসভার নিয়মিত করদাতা হওয়ায় প্রয়োজন অনুযায়ী ময়লা সংগ্রহ করা হয়। আজ সকালে চালক মাইন উদ্দিন গাড়িটি দ্রুতগতিতে চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে গাড়িচালক মাইন উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীপুর পৌরসভার সচিব বদরুজ্জামান বাদল বলেন, পৌর নির্বাহী কর্মকর্তা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং প্রাথমিকভাবে দাফনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।