গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঝুটের গোডাউন ও পাশের একটি ভাঙারী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আব্দুল আহাদের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পাশের মো. সবুজের ভাঙারী দোকানেও ধরে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার
সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত দোকানীরা জানান, ঝুটের গোডাউনের প্রায় ৩ লাখ টাকার মালামাল এবং ভাঙারী দোকানের প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে তারা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
