৫০তম বিসিএস পরীক্ষার পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৭ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত।সোমবার (২ মার্চ) সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা পরীক্ষা চলবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ২০০।
সময়সূচি অনুযায়ী, ২৭ এপ্রিল (সোমবার) বাংলা ভাষা ও সাহিত্য, সমাজকল্যাণ, পদার্থবিদ্যা, যন্ত্রকৌশল ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল (মঙ্গলবার) ইংরেজি, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, হিসাববিজ্ঞান ও স্থাপত্যকৌশল বিষয়ের পরীক্ষা হবে। ২৯ এপ্রিল (বুধবার) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা প্রশাসন/কৃষি ব্যবসা ব্যবস্থাপনা, পশু চিকিৎসা বিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এছাড়া ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মে মাসের সূচি অনুযায়ী, ৪ মে (সোমবার) অর্থনীতি, ফিন্যান্স, কৃষি, কৃষি অর্থনীতি ও তড়িৎ কৌশল; ৫ মে (মঙ্গলবার) রসায়ন, গণিত, প্রাণ রসায়ন, বনবিদ্যা ও রসায়ন প্রকৌশল; ৬ মে (বুধবার) ফলিত রসায়ন, ফলিত গণিত, প্রাণিবিদ্যা, মেডিকেল সায়েন্স ও পশু পালন এবং ৭ মে (বৃহস্পতিবার) আরবি, ইসলামী শিক্ষা, মার্কেটিং, মৎস্য বিদ্যা ও পুরকৌশল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং নির্দেশনাগুলো পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
এর আগে, ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। উত্তীর্ণ প্রার্থীরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
