বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পর তিন প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) যাচাই-বাছাই শেষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ফজলুল করিম এ ঘোষণা দেন।
প্রার্থীরা হলেন-বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।
বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান ১৫০টি কেন্দ্রে দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম জামায়াতে ইসলামীর ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসনে শপথ নেওয়ায় নির্বাচন কমিশন বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে। পরে উপ-নির্বাচনের তফশিল অনুসারে আগামী ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৭৯৬ জন ও নারী দুই লাখ ৩১ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে ১০ জন।
আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৫ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোগ গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈধ প্রার্থী ঘোষণার পর থেকেই বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনি উত্তাপ ছড়িয়ে পড়েছে।
-1772718128.jpg)