সিআইডি সদর দপ্তর, ঢাকায় নিয়মিত মহড়ার অংশ হিসেবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ঢাকা কর্তৃক বাৎসরিক ১ম অগ্নি নির্বাপণ মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার (৭এপ্রিল-২০২৬ইং)।
মহড়ায় নেতৃত্ব প্রদান করেন মো. আশেক আল মারুফ, স্টেশন অফিসার, সিদ্ধিক বাজার ফায়ার স্টেশন, ঢাকা। এসময় তাঁর সাথে ফায়ার সার্ভিসের আরও তিনজন প্রশিক্ষিত প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে করণীয়, অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও সরঞ্জামের ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রদর্শন করেন।
মহড়ার অংশ হিসেবে অগ্নিকাণ্ডের সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে সাড়া প্রদান, নিরাপদে সরিয়ে নেওয়া (ইভাকুয়েশন), অগ্নি নির্বাপণ যন্ত্রের যথাযথ ব্যবহার এবং সমন্বিত প্রতিক্রিয়ার বিভিন্ন ধাপ বাস্তবায়ন করা হয়। এতে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।