আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, স্মারকলিপি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), শ্যামনগর, সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস)-এর পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস)-এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমিনুর রহমান।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা এবং নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এতে ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
