কক্সবাজারের উখিয়ায় পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ লাখ ৫৯ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আজ রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার পালংখালী সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশ পালংখালীর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজিটি রেখে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে পরিত্যক্ত সিএনজিটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লক্ষ ১৯ হাজার শলাকা ‘ওরিস’ (Oris) এবং ৪০ হাজার শলাকা ‘প্যাট্রন’ (Patron) ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো : গিয়াস উদ্দীন, উখিয়া
