আমরা ধানের ধানের শীষের বাইরের কেউ না। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্রপ্রার্থীদের উদ্দেশে তিনি এ হুঁশিয়ারি দেন।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।
ভাঙ্গুড়ার বিএনপি নেতা স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলা সহ পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুহূর্তে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।জানা গেছে, পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাতির তুহিনকে। তাকে ‘বহিরাগত’ উল্লেখ করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির একাংশের নেতাকর্মীরা। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া না হলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা তাদের একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চলছে উত্তেজনা। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।
তারই অংশ হিসেবে শনিবার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নেতাকর্মীদের নিয়ে গণমিছিলের আয়োজন করেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। গণমিছিল শেষে চাটমোহর বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্য নেতারা বক্তব্য দেন।
