মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ তৎপরতা জোরদার করেছে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের দিকনির্দেশনায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে আজ বুধবার (৬ মে) দুপুরে মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে চিহ্নিত অপরাধী ও অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ওসি মোঃ আশিকুর রহমান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
