উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন রোজ কামাল নামের এক ব্যক্তি। আজ (বুধবার, ৬ মে ২০২৬) ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোজ কামালের স্ত্রীর দাবি অনুযায়ী, আবুল কাসেম, নুর হোসন নামের চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে একদল অস্ত্রধারী এই হামলা চালায়।নিহতের স্ত্রী আহাজারি করে জানান, সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে অন্তত দুইটি গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকালও ক্যাম্পে একইভাবে আব্দুল হালিম নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি খুনের ঘটনায় ক্যাম্প ও এর আশেপাশের স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহতের পরিবার সরাসরি আবুল কাসেমকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে।
কাকতালীয়ভাবে আজই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প (বিশেষ করে ক্যাম্প-৪ ও ক্যাম্প-৭) পরিদর্শনে রয়েছেন। মন্ত্রীর উপস্থিতির মধ্যেই এমন হত্যাকাণ্ড ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। প্রতিমন্ত্রী পরিদর্শনকালে মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন।
রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে স্থানীয় লোকজন এই মুহূর্তে অবৈধ অস্ত্র উদ্ধারে "চিরুনি অভিযান" চালানোর জোর দাবি জানাচ্ছেন।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
মো: গিয়াস উদ্দীন, উখিয়া
