মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যামেলিয়া হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন শত শত চা শ্রমিক। বুধবার ১৩ মে সকাল ৯টায় শমশেরনগর চা বাগান ফ্যাক্টরির সামনে “চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে” স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডাবলছড়া চা বাগানের শ্রমিক, বাগান পঞ্চায়েত, ছাত্র ও যুবকদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ শ্রমিক অংশ নেন। তারা ব্যানার ও স্লোগানের মাধ্যমে দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান।এদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, শ্রমিক নেতা সীতারাম বিন, নির্মল দাস পাইনকা, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, নমিতা সিংহসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জানান, গত ২৬ মার্চ
শমশেরনগর চা বাগানের এক কিশোরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের অবরুদ্ধ করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও নিরাপত্তার অজুহাতে হাসপাতালটির চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়। শ্রমিক নেতাদের অভিযোগ, হাসপাতালটি বন্ধ থাকায় কমলগঞ্জ ও আশপাশের ৩৫টি চা বাগানের প্রায় এক লাখ শ্রমিক ও তাদের পরিবার চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। জরুরি চিকিৎসা, মাতৃসেবা ও শিশু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন,হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হবে।
ইকবাল হোসেন রিংকু |
