মাগুরা জেলা পুলিশের উদ্যোগে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং আলোচনার মাধ্যমেই যেকোনো বিরোধের স্থায়ী সমাধান সম্ভব। সকলকে আইন মেনে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে এবং কোনো প্রকার সংঘাতে জড়ানো থেকে বিরত থাকতে হবে।”
পুলিশ সুপারের দিকনির্দেশনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘সামাজিক সম্প্রীতি ও বিরোধ নিষ্পত্তি কমিটি’ গঠন করা হয়। কমিটি ভবিষ্যতে এ ধরনের সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝির অবসান ঘটে। পরিশেষে উভয় পক্ষ একে অপরকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে সহাবস্থান এবং কোনো ধরনের বিরোধে না জড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তারা সবসময় কাজ করে যাচ্ছে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
