দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একই দিনে পৃথক দুই স্থান থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংক্রান্ত কাজে এসে মোটরসাইকেলটি পার্কিং করে রাখেন উপজেলার লালমাটি-শ্যামপুর এলাকার মো. লুৎফর রহমান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি খুঁজে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের সন্ধান মেলেনি।
অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান আসিফ সরকার নামে এক ব্যক্তি। তিনি বাড়ির বাইরে তার পালসার মোটরসাইকেলটি রেখে অনুষ্ঠানে যোগ দেন। পরে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
একই দিনে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা মোটরসাইকেল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক রাজা মিয়া বলেন, একটির অভিযোগ পেয়েছি আর একটির হারানোর সংবাদ শুনেছি। পুলিশের অভিযান চলমান রয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো: রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
