পিরোজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ মোঃ স্বপন গাজী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: জিয়াউর রহমান-এর তদারকিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুব-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের একটি চৌকস টিম বুধবার (১০ জুন) পিরোজপুর সদর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। দুপুর ১:৪৫ মিনিটের দিকে বিশ্বস্ত গুপ্তচর সূত্রে খবর আসে যে, পিরোজপুর সদর থানাধীন পাড়েরহাট মৎস্য আড়ৎ এর সামনে শংকরপাশা ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে।
সংবাদ পাওয়া মাত্রই এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তফা শওকত জামানের নেতৃত্বে ডিবি পুলিশের টিমটি দ্রুত শংকরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামস্থ মোঃ সোহাগ গাজীর মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামিকে চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর গ্রামের মৃত জাফর গাজীর ছেলে মোঃ স্বপন গাজী (৪২)।
গ্রেফতারের পর আসামির হেফাজত থেকে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ সুত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিরোজপুর প্রতিনিধি
