মো.মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় বন বিভাগের জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী কিছু চা কোম্পানির সঙ্গে অবৈধভাবে কেনাবেচা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই কর্মকাণ্ডে কিছু চা কোম্পানির মালিকের পাশাপাশি বন বিভাগের অসাধু কর্মকর্তাদের একটি অংশ জড়িত রয়েছে।
অভিযোগ রয়েছে, বন বিভাগের জমি দখল ও হস্তান্তরের উদ্দেশ্যে কিছু মানুষকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে এনে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং জমি রেজিস্ট্রির মতো ঘটনাও ঘটেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর ভাষ্য, সরকারি বনভূমির গাছ কেটে পরিবেশ ধ্বংসের মাধ্যমে শিল্প-কারখানা স্থাপনের পাঁয়তারা চলছে। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদ হুমকির মুখে পড়ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা বলছেন, বনভূমি রক্ষায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, বন বিভাগের জমি নিয়ে গড়ে ওঠা কথিত এই সিন্ডিকেট বন্ধ না হলে সরকারি সম্পদ, পরিবেশ এবং জনস্বার্থ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
