হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রাম নাপিতপাড়া এলাকায় যুবসমাজের উদ্যোগে পরিচালিত অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনাই ইউনিয়নের মহিধর যুবসমাজ জানতে পারে যে, বড়গ্রাম নাপিতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক বিক্রির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এ তথ্যের ভিত্তিতে এলাকার যুবকরা সংঘবদ্ধভাবে একটি অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তারা হাতেনাতে আসাদুল ইসলাম (আসাদ) নামে একজনকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা ফরহাদ নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে এলাকাবাসী বিষয়টি রাজারহাট থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আসাদুল ইসলামকে হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, “মাদক কারবারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন ও সজাগ থাকার পরামর্শ দেন।”
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। তারা মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
