রোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে মাগুরা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।
মাগুরা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সাইদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসপাতালের সেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
বক্তারা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ উদ্যোগের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
