দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধানের পর আলুই বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া নির্ধারণের কারণে ক্ষতির মুখে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২১ জুন) উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন (আলু)-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জয়পুরহাট জেলা দেশের অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল। এখানকার উৎপাদিত আলু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং এ খাতের সঙ্গে জড়িয়ে আছে হাজারো কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা। কিন্তু প্রতি বছর আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তার ওপর কোল্ড স্টোরেজে সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকদের দুর্ভোগ আরও বাড়ছে।
বক্তারা অভিযোগ করেন, আলু দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের ওপর নির্ভরশীল হতে হয়। এই সুযোগে কোল্ড স্টোরেজ মালিকরা প্রতিবছর ভাড়া বৃদ্ধি করছেন। চলতি মৌসুমে অনেক কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণে ৮ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা কৃষক ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত অসহনীয়।
তারা বলেন, প্রকৃত ব্যয় বিবেচনায় আলু সংরক্ষণে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা খরচ হলেও কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তাই সরকারিভাবে তদন্ত করে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন উপজেলা আলু ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের সভাপতি এ কে এম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন।
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
