কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: রিফাত (২৩) নামে এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত কটিয়াদী পৌর এলাকার কামারকোনা গ্রামের মো: সুরুজ মিয়ার ছেলে। তিনি চরিয়াকোনা এলাকার গাড়ি মাপার স্কেল (ওয়েব্রিজ) ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চরিয়াকোনা এলাকায় একটি দ্রুতগামী বাস পাশ থেকে চাপ দিলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে রিফাতের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তরুণ এই ব্যবসায়ীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ জানান, দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে তিনি এখনও বিস্তারিত অবগত নন। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবেদক মো : রেজুয়ানুল হক
