কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান, গ্রীষ্মকালীন সবজি ও মরিচের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৬ জুন (শুক্রবার) দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নূরে আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এস এম আরিফুল ইসলাম, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি জনাব এস এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মো. রাকিবুল আলম ছোটসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, "বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের সময়মতো বীজ ও সার সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাকুন্দিয়া উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত সুফলভোগী কৃষকদের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রণোদনার সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়|
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া, প্রতিনিধি