ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম।
মঙ্গলবার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ফুটপাত দখল, দোকানের সামগ্রী এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ অবকাঠামো অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজার ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সড়ক দখলমুক্ত রাখতে ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং যানজটমুক্ত কসবা গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সকলকে সড়ক ও ফুটপাত দখল না করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে কসবায় যানজট অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
