মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৬২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এই বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
এদিকে উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। জোয়ারের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তীব্র ঢেউয়ের কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে; বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী)
