২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁ সদর উপজেলায় রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজি, এয়ার ফ্লো এবং বৃক্ষরোপণ কর্মসূচির বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ সদর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে। এই প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ১০০ জন কৃষক প্রণোদনার সুবিধা পাবেন। এছাড়া জেলা পর্যায়ে মোট ৩৫ হাজার কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
