ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ডিপ্লোমেসি চাকমা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বদলি জনিত স্বাভাবিক নিয়মে পূর্ববর্তী ইউএনও তরিকুল ইসলাম অন্যত্র বদলি হওয়ায় বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত ইউএনও উপজেলা কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ে বিদায়ী ইউএনও তরিকুল ইসলামকে ছাতক মডেল উচ্চ বিদ্যালয়ের নৃত্যকলি সংগঠনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ স্মারকস্বরূপ একটি ডায়েরি, একটি কলম এবং তাদের হাতে তৈরি খাবার উপহার দেন। এ সময় নবনিযুক্ত ইউএনও-ও উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে ডিপ্লোমেসি চাকমা ছাতক পৌরসভা কার্যালয়ও পরিদর্শন করেন এবং পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সকলের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।