অভিনেত্রী জাকিয়া বারী মমকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। অনেকেই তার বক্তব্যকে বর্ণবৈষম্যমূলক বলে আখ্যা দিলেও এ অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি। ডলির ভাষ্য, কাউকে হেয় করা নয়, বরং স্নেহ ও ভালোবাসা থেকেই কথাটি বলেছিলেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মমের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে তাকে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বলে উল্লেখ করেন ডলি জহুর। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই তার মন্তব্যকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলে ডলি জহুর বলেন, ‘শিল্পীরা আমার পরিবারের মানুষ, সন্তানের মতো। শুটিং ইউনিট আর মিডিয়ার মানুষদের ছাড়া আমি চলতেই পারি না। তাই তাদের সঙ্গে সবসময়ই হাসি-ঠাট্টা করি, ভালোবেসে কথা বলি। সেদিনও মমের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে নিজের সন্তানের মতো আদর করেই কথাটি বলেছিলাম। মম জানে আমি তাকে কতটা স্নেহ করি। আমি তো তাকে “ব্ল্যাক ডায়মন্ড” বলেই ডাকি।’
তার দাবি, বিদেশে অবস্থানরত এক তরুণীর একটি পোস্ট থেকেই বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয় এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডলি বলেন, ‘এখন মানুষ ভালো কিছুর চেয়ে নেতিবাচক বিষয়েই বেশি আগ্রহী। ভাইরাল হওয়ার জন্য অনেকেই না বুঝেই মন্তব্য করেন। প্রায় ৫০ বছরের ক্যারিয়ারের পর এসে মানুষ এত সংকীর্ণভাবে বিষয়টি দেখবে, সত্যিই ভাবিনি। এতে খুব কষ্ট পেয়েছি।’