কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া-বালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে ইউএনও তানজিলা তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. দবির উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে রাজারহাট উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দবির উদ্দিনকে ৫ হাজার টাকা এবং তার মেয়ের পরিবার আলাদা হওয়ায় তাকেও ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল দেওয়ারও প্রতিশ্রুতি দেন ইউএনও।
ইউএনও তানজিলা তাসনিম জানান, পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে মনিডাকুয়া-বালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দবির উদ্দিনের বাড়িঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মানবিক উদ্যোগ হিসেবে ইউএনও তানজিলা তাসনিম ওই রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত ৪ প্যাকেট শুকনো খাবার পাঠান।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক সহায়তায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
