ভূমিকা চাওলা—ভারতীয় চলচ্চিত্রের এক মিষ্টি হাসির, প্রাণবন্ত ও প্রতিভাবান অভিনেত্রী। তেলুগু সিনেমার জনপ্রিয় নায়িকা থেকে বলিউডে ‘তেরে নাম’-এর নির্ঝরা—বিভিন্ন চরিত্রে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি।
ভূমিকা চাওলার প্রকৃত নাম রচনা চাওলা। নয়াদিল্লির একটি পাঞ্জাবি পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দিল্লিতে পড়াশোনা শেষ করার পর ১৯৯৭ সালে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। বিজ্ঞাপনচিত্র ও হিন্দি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তার বিনোদন জগতে পথচলা শুরু হয়। পরে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘হিপ হিপ হুররে’-তেও তাকে দেখা যায়।
চলচ্চিত্রে অভিষেক-
২০০০ সালে তেলুগু চলচ্চিত্র ‘ইয়ুভাকুডু’ (Yuvakudu)-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ভূমিকার। ছবিতে তিনি সুমন্থের বিপরীতে অভিনয় করেন। এরপর ২০০১ সালে পবন কল্যাণের বিপরীতে ‘খুশি (Kushi)’ ছবিতে অভিনয় করে রাতারাতি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি তার অভিনয়ও ব্যাপক প্রশংসা পায়। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথে শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
এরপর একের পর এক সফল তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি। ‘ওক্কাডু’ (Okkadu)-তে মহেশ বাবুর বিপরীতে এবং ‘মিসসাম্মা (Missamma)’ ও ‘সিমহাদ্রি (Simhadri)’-র মতো ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। ‘মিসসাম্মা’-র জন্য তিনি নন্দী পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবেও সম্মানিত হন।
‘তেরে নাম’ ও বলিউডে সাফল্য-
২০০৩ সালে সালমান খানের বিপরীতে ‘তেরে নাম (Tere Naam)’ ছবিতে নির্ঝরা ভারতদ্বাজ চরিত্রে অভিনয় করে সারা ভারতীয় দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান ভূমিকা চাওলা।
ছবিটির আবেগঘন গল্প এবং সালমান খানের সঙ্গে তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। এই ছবির মাধ্যমে বলিউডে তার শক্তিশালী আত্মপ্রকাশ ঘটে এবং তিনি ৭ম জি সিনে অ্যাওয়ার্ডে সেরা নারী নবাগত পুরস্কার অর্জন করেন।
তেলুগু, তামিল ও হিন্দির পাশাপাশি তিনি অন্যান্য ভারতীয় ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
পুরস্কার ও স্বীকৃতি -
অভিনয় জীবনে ভূমিকা চাওলা পেয়েছেন একাধিক সম্মাননা। উল্লেখযোগ্যভাবে—
Filmfare Award South – Best Actress (Telugu) — Kushi
Nandi Award – Best Actress — Missamma
Zee Cine Award – Best Female Debut — Tere Naam
Nandi Special Jury Award — Satyabhama
Santosham Film Award – Best Actress
SIIMA Award – Best Supporting Actress (Telugu) — MCA
এসব পুরস্কার তার দীর্ঘ অভিনয়জীবনের বহুমাত্রিক সাফল্যেরই প্রমাণ।
ব্যক্তিগত জীবন-
২০০৭ সালের ২১ অক্টোবর যোগব্যায়াম শিক্ষক ভারত ঠাকুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভূমিকা চাওলা। তাদের দাম্পত্য জীবনে ২০১৪ সালে একটি পুত্রসন্তান জন্ম নেয়, যার নাম যশ।
আজও ভূমিকা চাওলা তার স্বাভাবিক অভিনয়, সৌন্দর্য ও পর্দায় সংবেদনশীল উপস্থিতির জন্য দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছেন। বিশেষ করে ‘খুশি’ ও ‘তেরে নাম’-এর ভূমিকা তাকে ভারতীয় চলচ্চিত্রের দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে।
জন্মদিনে প্রিয় অভিনেত্রী ভূমিকা চাওলার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।