কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসকে চাঁদাবাজি, দুর্নীতি,হয়রানি ও বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপমুক্ত রাখার প্রত্যয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দলিল রেজিস্ট্রেশন সেবা নিতে আসা কয়েকজন সচেতন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন,বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে সাংবাদিক কার্ড ব্যবহার করে কিছু ব্যক্তি অফিস চলাকালীন দলিল রেজিস্ট্রেশন সেবা নিতে আসা নারী-পুরুষের ভিড়ের মধ্যে প্রবেশ করেন। এ সময় অফিস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সরকারি সেবা প্রতিষ্ঠানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি, অনৈতিক চাপ বা অবাঞ্ছিত হস্তক্ষেপের শিকার না হন,সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক ঠিকাদার মো. ফজলুর রহমান রাজু, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. শাহীন সরকার, ব্যবসায়ী ও যুবনেতা মো. সাইফুল ইসলাম আলম, সমাজসেবক ও সংগঠক সাংবাদিক মো.ইবনে আবদুল্লাহ শাহজাহান, যুবনেতা মো.হিমেল, ছাত্রনেতা ও শিক্ষক মো. আসাদুজ্জামান নূর, ছাত্রনেতা ও সংগঠক মো. কাজী আল-আমিন, যুবনেতা মো.মিঠু, ফিশারিজ ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন, যুবনেতা ও ব্যবসায়ী মো. মুকুল, ব্যবসায়ী ও সমাজসেবী মো. আল-আমীন,তৃণমূল সমাজসেবক মো. রুহুল আমিন,ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. বুলবুল সিকদারসহ অনেকে।
পরে সভায় অংশ নেওয়া ব্যক্তিরা সাবরেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা কয়েকজন নারী ও পুরুষের সঙ্গে কথা বলেন। তাদের কাছে কোনো অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া যায়নি বলে সভায় জানানো হয়।
এ সময় করিমগঞ্জ দলিল লেখক সমিতি, সাবরেজিস্ট্রার সাকিনা সুলতানা,অফিস সহকারী কল্পনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাদের দাবি, সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ও সেবা কার্যক্রম সন্তোষজনক এবং গতিশীল ছিল।
সভায় সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা,সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং কোনো বহিরাগত ব্যক্তি যাতে অনৈতিকভাবে সেবা কার্যক্রমে হস্তক্ষেপ করতে না পারে,সে বিষয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
একই সঙ্গে সাংবাদিক পরিচয় বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি,ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানির অভিযোগ উঠলে তা প্রতিহত করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
