শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় যুবদল নেতার পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

শার্শায় যুবদল নেতার পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

শার্শায় যুবদল নেতার পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন তার সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা যশোর-বেনাপোল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমর্থকরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে যশোর-বেনাপোল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় সাময়িক যানজট।

জানা গেছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করেছেন।

যুবদল সূত্রে জানা যায়, এর আগে শহীদুল ইসলাম শহীদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে অভিযোগ করা হয়, সংগঠনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় তিনি মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অনৈতিক ও গর্হিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

এসব অভিযোগ নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের কথাও শোকজ নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, যুবদল বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী এবং আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী একটি সংগঠন। সংগঠনের দায়িত্বশীল কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের নেতিবাচক সংবাদ প্রকাশ সংগঠনের জন্য বিব্রতকর। পাশাপাশি সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়।

শোকজের জবাব দিতে শহীদুল ইসলাম শহীদকে ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্র জানায়। পরে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে যুবদল সূত্রের দাবি।

এদিকে কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার শহীদুল ইসলাম শহীদের সমর্থকরা শার্শা উপজেলা পরিষদের সামনে জড়ো হন। তারা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারীদের দাবি, শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে তার পদে বহাল করতে হবে। তারা অভিযোগ করেন, যথাযথভাবে বিষয়টি যাচাই না করেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা ও আইনি অবস্থাও পৃথকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

​পরবর্তীতে যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার আশ্বাসে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

 


আশরাফুল ইসলাম 
বেনাপোল যশোর