ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধ*র্ষ*ণে*র দায়ে হাফিজার শেখ (৫৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন স*শ্র*ম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা। তার ছেলের সঙ্গে ভুক্তভোগী নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাফিজার ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে মামলায় অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে
একাধিকবার সালিশ হলেও তা বন্ধ হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে হাফিজার কৌশলে ওই নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধ*র্ষ*ণ করেন। পরে মান-সম্মানের ভয়ে তিনি বাবার বাড়িতে চলে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মধুখালী থানায় অভিযোগ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই সৈয়দ তোফাজ্জেল হোসেন ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি হাফিজার শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
বিপুল চন্দ
জেলা প্রতিনিধি ফরিদপুর