গাইবান্ধায় ৭ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে মো. মোতালেব ইসলাম ওরফে হৃদয় খান (৩৩) এবং একই ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের মৃত শওকত আলী মন্ডলের ছেলে মো. মাজাহারুল ইসলাম ওরফে শিকু মন্ডল (৩৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা পৌরসভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৭ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. মোতালেব ইসলাম ওরফে হৃদয় খান ও মো. মাজাহারুল ইসলাম ওরফে শিকু মন্ডলকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
গাইবান্ধা প্রতিনিধি
