নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় পোরশা থানা পুলিশ। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শীতলী ডাঙ্গাপাড়াগামী ইটের রাস্তার একটি ব্রিজ/কালভার্টের ওপর মাদক বিক্রির সময় জহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহুরুল ইসলাম ওই এলাকার ফজলুল হকের ছেলে। পুলিশ জানায়, তার বুক পকেটে থাকা গুলের কৌটা থেকে ৩০ পিস এবং পলাতক সহযোগীর ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো আরও ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ৬৫ পিস ট্যাবলেটের ওজন ১৭ দশমিক ৫৫ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাজমুল হক,
নওগাঁ প্রতিনিধি
