কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে মা ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় গলাকাটা অবস্থায় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতক ইমন (২৫) বড়শালঘর মাস্টারবাড়ীর মৃত ফরিদ মিয়ার ছেলে।
নিহতরা হলেন পেয়ারা বেগম (৬৫) ও তাঁর ৮ মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান । এ ঘটনায় আহত নারী নিহতদের ছেলের বৌ রাবেয়া (২৫) বলে জানা গেছে। আহত রাবেযার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে আটক ইমনের সম্পৃক্ততা ও ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মোঃ সাখাওয়াত হোসেন,
(কুমিল্লা) প্রতিনিধি
