সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে কলেজ ছাত্রদল। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের সহযোগিতায় এবং বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ হেল্প ডেস্ক চালু করা হয়।
কলেজ প্রাঙ্গণে স্থাপিত হেল্প ডেস্কের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন সংক্রান্ত বিষয়সহ ভর্তি কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
দূর-দূরান্ত থেকে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে হেল্প ডেস্কে পানির ব্যবস্থাও করা হয়েছে। এতে ভর্তি কার্যক্রমে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়ার পাশাপাশি সাময়িক স্বস্তি পাচ্ছেন।
আয়োজকরা জানান, নতুন শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সময় বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকায় অনেক সময় সমস্যায় পড়েন। তাদের এসব সমস্যা দূর করতে এবং ভর্তি কার্যক্রম সহজ করতে হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ হেল্প ডেস্ক চালু থাকবে বলেও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান রিয়াদ, কলেজ ছাত্রদলের সদস্য ফাহিম হাসান, সাব্বির আহমেদ ও মাসুদ রানা।
আল-আমিন হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি
