সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শ্যামনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষুব্ধ জনতা গাজী নজরুল ইসলামের কুশপুতুলে জুতা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানান। এ সময় বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে।
পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে নাগরিক সমাজের পক্ষ থেকে সোলাইমান কবির, প্রফেসর আবু সাঈদ, শিক্ষক আসাদুজ্জামান মিঠু ও আবুল কালাম মোড়ল বক্তব্য দেন।
এ সময় বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগের কথা উল্লেখ করেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিও করেন তারা।
নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আবু জাফর
সাতক্ষীরা প্রতিনিধি
