ফেরদৌস ওয়াহিদ। গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে জুড়ে রয়েছেন এই নন্দিত শিল্পী। তবে জীবনের এই পর্যায়ে এসে হঠাৎ তিনি হয়ে গেলেন ‘নবাব’!
পরনে রাজকীয় পোশাক, মাথায় মুকুট। প্রথম দেখায় চেনাও দায়! খেয়াল করলে বোঝা যায়, তিনি ফেরদৌস ওয়াহিদ। কিন্তু ঘটনা কী? হঠাৎ কেন নবাবের সাজে তিনি? বাংলায় কি ফের নবাব আমল ফিরে এলো?
না, মোটেও তেমন নয়। ফেরদৌস ওয়াহিদের এই সাজ মূলত চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য। ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব তৈরি করা হচ্ছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য। সেখানেই সংগীতশিল্পীরা অভিনয় করলেন যাত্রাপালায়। আর এতে নবাব চরিত্রে পালা করেছেন ফেরদৌস ওয়াহিদ।
শিল্পী বলেন, ‘অনুষ্ঠানটির আইডিয়া একেবারে ভিন্ন। যাত্রাপালা হলেও এখানকার বেশিরভাগই গানের শিল্পী। ফলে একেবারে নতুন এক অভিজ্ঞতা হলো। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা