খুলনার খালিশপুরের মেয়ে আঁচল। তার অভিনয় ও গ্ল্যামার দিয়ে ইতিমধ্যে ঢালিউডের দর্শকদের পছন্দের তালিকায় নিজের নামটি লিখিয়েছেন। রাজু আহম্মেদ পরিচালিত ‘ভুল’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক। এর পরে বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন আঁচল।
আজ ২৬ সেপ্টেম্বর এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে চিত্রনায়িকা আঁচলের জন্য রাইজিংবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাইজিংবিডির সঙ্গে কথা হয় আঁচলের। রাইজিংবিডির এ আলাপচারিতায় আঁচল বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল, এবারের জন্মদিনটা আজমেরি শরীফ মাজারে কাটানোর। কিন্তু সেটা হলো না। কারণ ভিসা পেলাম না। তাই খুলনা বাগেরহাট মাজারে যাওয়ার পরিকল্পনা আছে।’
কাদের সঙ্গে জন্মদিনের আনন্দ শেয়ার করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মা-বাবা, ভাই এই তিনজন তো থাকবেই। এ ছাড়া আমার পরিবারের আরো কিছু লোকজনও থাকবে। আমার পরিবারের সঙ্গেই জন্মদিনটা কাটাতে চাই।’ জন্মদিনে বন্ধুদের শুভেচ্ছা বার্তা অনেক বেশি আনন্দ দেয়। তবে ছোটবেলায় কোনো উপহার পেলে বেশি খুশি হতেন বলে জানান এ অভিনেত্রী।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা