দৈনিক ইত্তেফাকের গলাচিপা উপজেলা সংবাদদাতা, আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত (মলয় দত্ত)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গলাচিপা প্রেসক্লাব ও আটখালি মাধ্যমিক বিদ্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
মরহুম সমিত কুমার দত্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, পাঠক, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিক সমাজ।
সমিত কুমার দত্ত মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ইত্তেফাকের গলাচিপা উপজেলা সংবাদদাতা, আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি গলাচিপার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেছেন। স্থানীয় মানুষের নানা সমস্যা ও দাবি-দাওয়া গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও সম্ভাবনার কথাও তার প্রতিবেদনে উঠে এসেছে। শিক্ষক হিসেবেও তিনি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সমিত কুমার দত্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে গলাচিপার সাংবাদিক মহল, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী ও তার দীর্ঘদিনের সহকর্মীরা জানান, একজন নিষ্ঠাবান সংবাদকর্মী ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তার অবদান স্থানীয় সাংবাদিকতা ও শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। সাংবাদিকতা পেশায় তার বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও মানুষের পাশে থাকার মানসিকতা যেমন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা, দায়িত্ববোধ ও শিক্ষা বিস্তারে ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন তার শিক্ষার্থীরা। তার কর্মময় জীবন ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম সমিত কুমার দত্তের আত্মার শান্তি কামনা করেছেন তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
মোঃ রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী
