মাগুরার শ্রীপুরে রাব্বী মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগম (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর (মৃধাপাড়া) গ্রামে নিজ শয়নকক্ষ থেকে রাব্বী মন্ডলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোর ৫টার দিকে রাব্বী বাড়িতে এসে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। প্রায় সাড়ে ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ফারজানা ঘরে থাকা ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে তাকে হত্যা করেন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তাদের ১০ বছরের দাম্পত্য জীবনে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক অশান্তির জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ফারজানা—এমনটাই জানিয়েছে পুলিশ।
ঘটনার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আমতৈল এলাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ফারজানা বেগমকে হেফাজতে নেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি :
