চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাস্থ্যসেবায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও স্যানিটারি ইন্সপেক্টর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী লাইসেন্স ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা, ল্যাবে পর্যাপ্ত টেকনোলজিস্ট ও হাসপাতালে পরিমিত নার্স না থাকা এবং ত্রুটিপূর্ণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার অপরাধে সাতকানিয়া মা ও শিশু হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও, নির্ধারিত নিয়ম বহির্ভূতভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনার অপরাধে এলাইট হাসপাতাল এবং আল হায়াত হাসপাতাল—এর প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে আমাদের এই তদারকি অত্যন্ত কঠোর। চিকিৎসা সেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোহাম্মদ কামাল উদ্দিন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম দক্ষিণ।
