পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাই-ভলিউম উদ্যোক্তাদের অংশগ্রহণে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলা অথরাইজড ডিস্ট্রিবিউটর, নগদ লিমিটেডের রুকাইয়া এন্টারপ্রাইজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব, এর সঙ্গে সংশ্লিষ্ট আইনগত ও সামাজিক ঝুঁকি, আর্থিক ক্ষয়ক্ষতি, লেনদেনের ওপর নেতিবাচক প্রভাব এবং অনলাইন জুয়া প্রতিরোধে উদ্যোক্তাদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উদ্যোক্তাদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন নগদ লিমিটেডের টেরিটোরি ম্যানেজার আমির হোসেন। তিনি অনলাইন জুয়া থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক ও অবৈধ লেনদেনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিরাপদ, স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশ নেওয়া উদ্যোক্তারা আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নেন এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রুকাইয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়, মঠবাড়িয়া টেরিটোরিতে উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, উদ্যোক্তা ও গ্রাহকদের সম্মিলিত সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে অনলাইন জুয়াসহ অবৈধ ও ঝুঁকিপূর্ণ লেনদেন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
