‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় এই ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি। ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’ নামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করেছে ওয়ার্নার ব্রাদার্স। ২০২৯ সালের ১ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সিনেমাটি পরিচালনা করবেন ওয়েন হ্যারিস। চিত্রনাট্য লিখছেন বিউ উইলিমন। জর্জ আর আর মার্টিনের বিখ্যাত উপন্যাসমালা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’-এর জগৎ থেকেই নির্মিত হবে চলচ্চিত্রটি।
গল্পে দর্শক ফিরে যাবেন টারগারিয়েন রাজবংশের শাসনের শুরুর সময়ে। রাজা এগন প্রথমের ওয়েস্টেরস জয় এবং কীভাবে গড়ে উঠেছিল বিখ্যাত আয়রন থ্রোন সিনেমায় উঠে আসবে সেই ইতিহাস।
চলতি বছরের শুরুতে সিনেমাকনের মঞ্চে চলচ্চিত্রটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল ওয়ার্নার ব্রাদার্স। এবার প্রকাশ করা হলো মুক্তির তারিখ।
বড় পর্দায় ‘গেম অব থ্রোনস’ আনার পরিকল্পনা অবশ্য নতুন নয়। ২০১৩ সালে, সিরিজটির প্রচার শুরুর দুই বছর পর নির্মাতা ডেভিড বেনিওফ ও ড্যান ওয়েইস সিরিজটির সমাপ্তি তিনটি সিনেমার মাধ্যমে করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত সিনেমা নয়, আট সিজনেই শেষ হয় সিরিজটি। ২০১৯ সালের মে মাসে প্রচারিত হয় এর শেষ সিজন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা