মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার সকালে এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, সুইডেন সরকারের অর্থায়নে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে টিক্কার বাজার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ভুক্তভোগীদের সুরক্ষার দাবিতে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভা ও ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফুলছড়ি থানার পুলিশ সদস্য রোজিনা খাতুন, শিক্ষক মো. মিজানুর রহমান, কিশোরী দলের সদস্য লামিয়া আক্তার, সিএইচসিপি আরিফা আক্তারসহ স্থানীয় নারী ও কিশোর-কিশোরীরা।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি পারিবারিক, সামাজিক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থাসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং কার্যকর আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
