বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের তহবিল থেকে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগের পুনঃতদন্ত কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের দাতা গোষ্ঠীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দাতা গোষ্ঠীর কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে অবস্থিত গোমা পিলখানা সুন্দরকাঠী (জিপিএস) মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার পর ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা বিদ্যালয়টিকে এমপিওভুক্তির নির্ধারিত ঠিকানা থেকে নিজের পৈতৃক সম্পত্তিতে স্থানান্তর করেন। পরে সরকারের নির্দেশনা এবং হাইকোর্ট ও আপিল বিভাগের রায়ের আলোকে দাতা গোষ্ঠী ও গ্রামবাসীর সহযোগিতায় ২০২৫ সালে বিদ্যালয়টি মূল ঠিকানায় ফিরিয়ে আনা হয়।
তবে অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক পুনরায় বিদ্যালয়টি নিজের বাড়ির কাছাকাছি স্থানান্তরের চেষ্টা করছেন। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের ওপর চাপ প্রয়োগ এবং বেতন বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া প্রধান শিক্ষক তাঁর আপন বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা ও ছোট ভাই মহসিন হোসেন মোল্লাকে পালাক্রমে বিদ্যালয়ের সভাপতি করার পাশাপাশি স্ত্রী মাকসুদা বেগম, ভাইয়ের স্ত্রী লামিয়া আক্তার এবং চাচাতো ভাই কুদ্দুস মোল্লাকে বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর প্রধান শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ড থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সূত্রের দাবি, ২০১৬ সাল থেকে বিদ্যালয়ের তহবিলের মোট ৩৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন আহসান হাবিব মোল্লা। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে ২০২৬ সালের ১২ মে বরিশাল শিক্ষা বোর্ডের একটি তদন্ত দল সরেজমিনে তদন্ত করে। ওই তদন্ত প্রতিবেদনে আর্থিক অনিয়মের বিষয়টি উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
এর ধারাবাহিকতায় শিক্ষা অধিদপ্তর থেকে পুনরায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, তদন্ত কমিটি বাতিলের জন্য আদালতের আশ্রয় নেওয়ার চেষ্টা এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন আহসান হাবিব মোল্লা। তবে তদন্ত কার্যক্রম বন্ধ করতে না পেরে বিভিন্নভাবে তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তিনি।
সর্বশেষ গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি ঢাকা থেকে বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত করতে যায়। এ সময় তদন্ত কমিটির সদস্যরা বিদ্যালয়ের আর্থিক হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাইলে প্রধান শিক্ষক সেগুলো দেখাতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, আর্থিক অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতে তদন্ত কর্মকর্তাদের উপস্থিতিতেই আহসান হাবিব মোল্লা তাঁর ভাইদের নিয়ে বিদ্যালয়ের দাতা গোষ্ঠীর ওপর অতর্কিত হামলা চালান। এতে বজলুর রহমান হাওলাদার, সুলতান হাওলাদার, আনোয়ার হাওলাদার ও বশির হোসেনসহ কয়েকজন আহত হন। এ ঘটনার পর তদন্ত কার্যক্রম ব্যাহত হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
এদিকে, দাতা গোষ্ঠীর সদস্যদের হয়রানি করতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা এবং বিভিন্ন অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
এলাকাবাসীর দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তিস্বার্থে ব্যবহার, আর্থিক অনিয়ম এবং তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের আর্থিক হিসাব প্রকাশ, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লাকে তাঁর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনা হবে এবং প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদের যথাযথ জবাবদিহি নিশ্চিত করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
