মো: শাহ আলম,গাজীপুর
সাভারের আওতাধীন আশুলিয়ার কবিরপুর বুড়ির ট্যাগ এলাকার বাড়ইপাড়া বন বিটে সরকারি বনভূমি দখল করে রাতের আঁধারে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অবৈধ নির্মাণকাজ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ইপাড়া বন বিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল করে সম্প্রতি রাতের আঁধারে ঘর নির্মাণের কাজ শুরু করেন হারুন নামের এক ব্যক্তি। এ কাজে আনিস উপকারভুগি কবিরসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, নির্মাণকাজ চলাকালে বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়দের প্রশ্নের মুখে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা বলা হলেও কর্মকর্তারা চলে যাওয়ার পর আবারও শুরু হয় নির্মাণকাজ। একপর্যায়ে সেখানে ঘর নির্মাণের কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, ঘর নির্মাণকারী হারুন বিভিন্নজনের কাছে বলে বেড়াচ্ছেন, বন বিভাগের বিট কর্মকর্তাদের ম্যানেজ করেই তিনি ঘর নির্মাণ করছেন। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। আমি টিম পাঠাচ্ছি, ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় আবার চলে গেলে শুরু হয় নির্মাণকাজ।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, এর আগেও বাড়ইপাড়া বন বিট এলাকায় অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ ও সরকারি বনভূমি দখলের একাধিক অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের যথাযথ নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবেই একের পর এক বনভূমি দখলের ঘটনা ঘটছে।
এ অবস্থায় সংরক্ষিত বনভূমি রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
