শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান। ডাক পেতে পারেন রাইজিং স্টারস এশিয়া কাপে আলো ছড়ানো ওপেনার মাআজ সাদাকাত। সালমান আলি আগার নেতৃত্বে তিন ম্যাচের এই সিরিজটি হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের শেষ প্রস্তুতি।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে এমন খবর। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিজ্ঞ তারকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির খেলা এই সিরিজে অনিশ্চিত। কারণ দু’জনই বর্তমানে বিগ ব্যাশ লিগে ব্যস্ত সময় পার করছেন। বাবর খেলছেন সিডনি সিক্সার্সের হয়ে, আর শাহিন ব্রিসবেন হিটের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।
জিও সুপার জানিয়েছে, বাবর আজম ও শাহিন আফ্রিদির দলে থাকা পুরোপুরি নির্ভর করছে তাদের প্রাপ্যতার ওপর। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, পাকিস্তানি খেলোয়াড়রা পুরো বিগ ব্যাশ লিগ মৌসুমেই অংশ নেবেন। যদি সেটাই চূড়ান্ত হয়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বাবর ও শাহিনকে দেখা নাও যেতে পারে।
